মাদারীপুরের শিবচর উপজেলায় গরু চুরি করতে গিয়ে শাহীন সরকার (৫৫) নামে ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য গণপিটুনিতে আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৫টায় মাদবরেরচর ইউনিয়নের শিং কান্দি বজলু মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।
শাহীন সরকার চরজানাজাত ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান রায়হান সরকারের বড় ভাই।
শাহীন সরকারের বিরুদ্ধে শিবচর উপজেলাসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গরু চুরি করে ভোরে পালানোর সময় এলাকার জনগণ ধরে তাকে বেধড়ক গণপিটুনি দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখ জানান, শাহিন সরকারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও তিনি কয়েক জায়গায় চুরি করে ধরা খেয়েছে। থানায় তার নামে বিচার হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। তদন্ত শেষে বিচারকার্য প্রক্রিয়াধীন হবে বলেও জানান তিনি।