রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানকে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।

সোমবার (১২ মে) সকালে রাজশাহী আদালতের সামনে এই মানববন্ধন করেন তারা।

এতে আইনজীবীরা চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানকে তদন্তসাপেক্ষে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

মানববন্ধনে আইনজীবীরা বলেন, ‘ওসির ক্ষমতার উৎস কী? কার ক্ষমতার বলে তিনি এত অন্যায়-অবিচার করার পরেও এখন পর্যন্ত বহাল রয়েছেন?’

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, জ্যেষ্ঠ আইনজীবী লিয়াকত আলী, আব্দুর রশিদ বাবু, হযরত আলী, ফিরোজ আলী প্রমুখ।

এর আগে সম্প্রতি ওসি মতিয়ার রহমান থানায় যাওয়া আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। এ নিয়ে ৮ মে আব্দুর রশিদ বাবু নামের এক আইনজীবী ওই ওসির বিরুদ্ধে মানহানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন।

আইনজীবীদের অভিযোগ মিথ্যা দাবি করে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, ‘আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে তা আমি জানি না। শুনেছিলাম মানববন্ধন হতে পারে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান গণমাধ্যমকে জানান, এ ধরনের অভিযোগ পেলে গুরুত্বের সাথে দেখা হবে।