‘সমাজ ও রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠা না হলে বৈষম্য দূর হবে না’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, ‘ন্যায় ও ইনসাফের একমাত্র মানদণ্ড হলো পবিত্র কোরআন। শুধু তাই নয় মহাগ্রন্থ এ আল কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।’
বুধবার (১৯ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আমানতুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ৫ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, ‘রাষ্ট্রে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সৎ লোকের শাসন ছাড়া কোনো অবস্থাতেই সমাজে শান্তি-শৃঙ্খলা ও সমতা বিরাজ করতে পারে না। সৎ লোকের শাসনের মাধ্যমেই সুদ-ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব। সে লক্ষ্য সামনে রেখে কাজ করে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশ প্রেমিক ও আল্লাহ ভীরু জনপ্রতিনিধির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা হলে সমাজে আর বৈষম্যের ঠাই হবে না।’
বিশিষ্ট শিক্ষক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, শহর আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম, সেক্রেটারি হাফেজ জুবায়ের আল মাসুম।
এ সময় হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।