খুলনা জেলার ডুমুরিয়ায় ট্যাংকলরির ধাক্কায় দু’নারী এবং দৌলতপুরে ট্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া একটি ট্যাংকলরি ডুমুরিয়ার চুকনগর-যশোর সড়কের আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।

এর আগে বুধবার সকালে নগরীর দৌলতপুর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মো: হেলাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আ: রশিদের স্ত্রী রিজিয়া খাতুন (৪৮) ও একই এলাকার ফজর আলী সরদারের স্ত্রী রোকেয়া বেগম (৬০) এবং তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা মো: হেলাল (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া একটি ট্যাংকলরি ডুমুরিয়ার চুকনগর-যশোর সড়কের আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে থাকা নরনিয়া গ্রামের রিজিয়া খাতুন ও রোকেয়া বেগম লরিতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে পুলিশ তেলবাহী ট্যাংকলরিটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ডুমুরিয়া হাইওয়ে থানার এসআই মো: কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দু’পাশের সড়ক আটকে দিলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনিব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে বুধবার সকালে নিহত হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত হেলাল খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা। তিনি সাহা চন্দ্রপুর জুট প্রেসে খালাসী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, জিআরপি থানা পুলিশ আইনিব্যবস্থা নিচ্ছে।