মাদারীপুরের শিবচর উপজেলায় সকাল থেকে একটানা মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে জনজীবনে ভয়াবহ বিপাকে পড়েছে। শিবচর পৌরসভাসহ আশপাশের গ্রামগুলোতে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে শহরের এবং গ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দোকানপাট তুলনামূলকভাবে খুলতে বিপাকে পড়েছেন সাধারণ দোকানীরা।

শিবচর পৌরবাজারের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি ঘরের ভেতর পর্যন্ত চলে গেছে। অনেকেই রান্না-বান্না বন্ধ রেখে পানিবন্দী অবস্থায় সময় কাটাচ্ছে। শহরের নিম্নাঞ্চলে হাঁটুপানি জমে থাকায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়েছে।

সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে অনেক বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। নিচু এলাকার ফসলি জমিও পানিতে নিমজ্জিত হয়ে গেছে। স্কুল, কলেজও অফিসে উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় তারা অলস সময় কাটাচ্ছে।

শিবচর বাজারের এক দোকানদার মোতাহার বেপারী বলেন, ‘সকাল থেকে একনাগাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। বেচাকেনা একেবারে প্রায় বন্ধ হয়ে গেছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না জনজীবন বিপন্ন, বিপর্যস্ত।’

আবহাওয়া অধিদফতরের দায়িত্বরত কর্মকর্তা বলেছেন, ‘আরো দু’তিন দিন প্রবল বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি করা হয়েছে।’

উপজেলা প্রশাসন জানিয়েছেন, ‘পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরিস্থিতির অবনতি হলে অথবা ক্ষয়ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’