রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এসবি পরিবহনের ঢাকাগামী বাসটি ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যায়। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি তোলা হয়। চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসবি পরিবহনের ঢাকাগামী বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি। বাস থেকে সব যাত্রী নামানো হয়েছিল।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, এ ঘটনায় হতাহতের কোনো তথ্য আমরা পাইনি। উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি উদ্ধার করেছে।