অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে এবারো ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন। আমের জাতভেদে ক্যালেন্ডারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু করা হবে।

বুধবার (৭ মে) দুপুরের দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা ও আম সংগ্রহের সময়সূচি জানানো হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এ সময় সভায় জানানো হয়, নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে এ বছরের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম সংগ্রহ করা যাবে। এছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে লক্ষণভোগ ও ৩০ মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাতি সংগ্রহ করা যাবে।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ জুন থেকে ব্যানানা ও ল্যাংড়া আম সংগ্রহ করা যাবে। ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি-৪, আশ্বিনা আম সংগ্রহ করা যাবে। ১০ জুলাই থেকে ১৫ জুলাই থেকে গৌড়মতি। আর সারাবছরই পাওয়া যাবে রাজশাহীর বারোমাসি আম হিসেবে পরিচিত কাটিমন ও বারি আম-১১।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলার উপপরিচালক উম্মে ছালমাসহ আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রাজশাহীতে চলতি বছর ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমবাগান আছে। হেক্টরপ্রতি সম্ভাব্য গড় উৎপাদন ১৩ দশমিক ২৬ টন। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ছয় টন। এবার শুধু রাজশাহী জেলা থেকে এক হাজার ৬৯৫ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

সভায় জেলা প্রশাসক আফিয়া আখতার জানান, ‘পরিপক্ব আম নামানোর জন্য এই সময়সূচি। আগামী ১৫ মে থেকে চাষিরা গুটি আম সংগ্রহ করতে পারবেন। তবে কোনো দুর্যোগ দেখা দিলে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আমও সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।’