খুলনা মহানগরে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিলে বাটা, ডোমিনো'স পিৎজা ও কেএফসি শো-রুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে দায়ের হওয়া এসব মামলায় অজ্ঞাত পরিচয় ২৯০০ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৭ এপ্রিল) রাতে যে ৩১ জনকে আটক করা হয়েছিল তাদের এ তিন মামলায় গ্রেফতার দেখানো হবে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাটা শো-রুমের ঘটনায় ম্যানেজার তৌহিদুল ইসলাম ১২০০ থেকে ১৩০০ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

অন্যদিকে কেএফসি শো-রুমের ম্যানেজার সুজন মণ্ডল ও ডোমিনো'স পিৎজার ম্যানেজার শামসুল আলমও ৭০০ থেকে ৮০০ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

পৃথক তিনটি মামলায় প্রতিষ্ঠান তিনটিতে ব্যাপক ভাঙচুর, মালামাল ও অর্থ লুটপাটে কয়েক কোটি টাকার লোকসানের কথা উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, প্রতিষ্ঠানের কাছে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া তথ্য ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান তিনটির আশপাশের ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।