ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরে সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সভায় এই ঘোষণা দেয়া হয়। রোববার থেকে এ কর্মবিরতি কার্যকর হবে।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: বাহার চৌধুরী, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: কুদ্দুছ মিয়া, কাউতলী মালিক সমিতির সভাপতি মো: আব্দুল্লাহ ও লালপুর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মহসিন মিয়াসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ট্রাফিক পুলিশকে ঘুষ না দিলে মামলা ও জরিমানার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে প্রায় শতাধিক সিএনজিচালিত অটোরিকশা জব্দ রয়েছে। এছাড়াও, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও ভোগান্তিতে পড়তে হয়। বর্তমানে সিএনজির লাইসেন্স কার্যক্রমও বন্ধ রয়েছে। একাধিকবার প্রশাসন ও পরিবহন নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি চলমান থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ মীর আনোয়ার হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কোনো অনিয়মকে প্রশ্রয় দেন না। সিএনজিচালকরা যে সকল অভিযোগ করছেন তা সত্য নয়। আইনের পরিপন্থী বলেই আমরা ব্যবস্থা নিচ্ছি।