নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফরহাদ হোসেন (২২) নামে এক যুবক ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেলআরোহী আতোয়ার হোসেন (৫০) নামে আরো একজন নিহত হয়েছেন।

শনিবার (৩ মে) দুপুরে জেলার সাপাহার উপজেলা জবই বিল এলাকা সৈয়দপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই খালে পড়ে এবং মহাদেবপর উপজেলা নারশাল নবীনগরের মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন জেলার পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদরাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলে নিহত ফরহাদ হোসেন ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মণ্ডলের ছেলে আতোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয়রা, ফরহাদ এবং তার আরো দু’বন্ধু মিলে জবই বিল ঘুরতে যাওয়ার উদ্দেশে সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে। জবই বিল যাওয়ার পথে উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর এলাকায় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ফরহাদ মারা যান। মোটরসাইকেলে থাকা ফরহাদের দু’বন্ধু রিফাত এবং শিশির আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রিফাত এবং শিশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা স্থানীয়দের সূত্রে জানান, শনিবার মহাদেবপুর হাটের দিন। নিহত আতোয়ার মহাদেবপুরে কাজ শেষ করে সাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় উপজেলার নাটশাল নবীনগর মাদরাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ডাম্প ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গ্রামবাসী ট্রাকসহ চালককে আটক করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।