নওগাঁর বদলগাছী থেকে অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারণা করায় ফরিদ হোসেন (৩২) নামের এক বিজিবি সদস্য ও খায়রুল সরকার (৩০) নামে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দানকারী দু’প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) ডিবির একটি বিশেষ টিম নওগাঁ জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কোলা হুদ্রাকুড়ী গ্রামের মরহুম সেকান্দার মণ্ডলের ছেলে মোহাম্মদ ফরিদ হোসেন ও একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে খায়রুল সরকার বলে জানা গেছে।

জানা গেছে, ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্য সংস্থায় চাকরি প্রার্থীর কাছ থেকে চাকরি দেয়ার আশ্বাসে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন এবং খায়রুল ছিল তার সহযোগী। উভয়ে যোগসাজশে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে আট লাখ টাকায় চুক্তি করেন এবং তাদের কাছে থেকে তিনটি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্বাক্ষরিত তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘আটক ব্যক্তিদের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে স্বাক্ষরিত ব্যাংকের তিনটি ফাঁকা চেক ও তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সন্দেহে স্বাক্ষরিত আরো ছয়টি ফাঁকা ব্যাংক চেক ও নয়টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার বলেন, ‘চলমান নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। টিআরসি নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।’