কিশোগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এতে আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুইটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মারা যান। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সূত্র : বাসস