স্থগিত ঘোষণার চার মাস পর আগামী ১ জুলাই থেকে সিলেট–ম্যানচেস্টার রুটে আবারও ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১১ মার্চ) বিমানের এ ঘোষণায় যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডে বসবাসরত সিলেটি প্রবাসীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
এর আগে গত জানুয়ারিতে ঢাকা–ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় বিমান। পরে ১ মার্চ থেকে ফ্লাইটটি কার্যত বন্ধ রাখা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টেও আলোচনা হয়।
গত ১৫ জানুয়ারি হাউস অব কমন্সে ব্রিটিশ এমপি পল ওয়া বলেন, তার নির্বাচনী এলাকা রচডেলসহ উত্তর-পশ্চিমাঞ্চল, স্কটল্যান্ড ও মিডল্যান্ডসের বিপুলসংখ্যক ব্রিটিশ-বাংলাদেশি ম্যানচেস্টার থেকে সিলেটগামী সরাসরি ফ্লাইটের ওপর নির্ভরশীল। হঠাৎ করে এই রুট স্থগিতের সিদ্ধান্তে তারা বিপাকে পড়েছেন।
এদিকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, ইউকে এনআরবি সোসাইটিসহ বিভিন্ন প্রবাসী সংগঠনও ফ্লাইটটি পুনরায় চালুর দাবিতে সরকারের প্রতি আহ্বান জানায়।
সম্প্রতি সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা আইনজীবী সমিতির আয়োজিত এক ইফতার মাহফিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়নি, সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রুটটি পুনরায় চালুর আশ্বাসও দেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুশরা ইসলাম জানান, যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে হজ কার্যক্রম শেষে আগামী ১ জুলাই থেকে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইটের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
তিনি আরও জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে রুটটি পুনরায় চালুর প্রস্তুতি শুরু হয়েছে। এতে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী সরাসরি ভ্রমণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হয় এবং বর্তমানে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে আসছে।