নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে রান্না করার সময় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ডোমার উপজেলার হরিণ চড়া ইউনিয়নের হরিণ চড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সুইটি আক্তার (২০) ও তাসকিন আক্তার (২৪)। তারা উত্তরা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বোন ইপিজেডের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। সকাল ৬টার দিকে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। প্রতিবেশী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।