মাদারীপুরের শিবচরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইবনে সামাদ সরদার (১৮) নামে আহত এক কলেজছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত ৬ মে প্রতিপক্ষের চাইনিজ কুঠারের এলোপাতাড়ি আঘাতে আহত হন তিনি।
ইবনে সামাদ শিবচর পৌর-২ সংলগ্ন চরশ্যামাইল সরদারকান্দি গ্রামের মো: কালাম সরদারের ছোট ছেলে।
স্থানীয় শাহিন মিয়া জানান, গত ৬ মে সকালে সামান্য কথা কাটাকাটির জেরে রাসেল মাদবর হেলমেট মাথায় পরে বাড়িতে এসে ইবনে সামাদকে চাইনিজ কুঠার নিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। সেখান থেকে স্থানীয় লোকজন ও স্বজনেরা সামাদকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিক্যালে সাত দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সামাদের বাবা কালাম সরদার শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই গ্রামের রাসেল বাহিনীর একজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখ (পিপিএম) বলেন, শিবচর থানায় করা অভিযোগের ভিত্তিতে আমরা একজনকে আটক করেছি। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।