খুলনায় জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগ নেতা পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে এক কোটি চয় লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজল খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পঞ্চানন বিশ্বাস খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের এমপি ও হুইপ থাকাকালে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ছয় লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও অন্য পর্যালোচনায় পঞ্চানন বিশ্বাসের নামে ৪৯ লাখ ২৩ হাজার ৫৯০ ঢাকার স্থাবর ও দু’কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৭২ টাকার অস্থাবরসহ মোট তিন কোটি ৪৭ হাজার ১৬২ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়।

এ সময় তার গ্রহণযোগ্য আয়ের উৎস থেকে আয় পাওয়া যায় তিন কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকা এবং পারিবারিক ও অন্য খাতে ব্যয় পাওয়া যায় এক কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯ টাকা। অর্থাৎ ব্যয় বাদে তার নিট আয়/সঞ্চয়ের পরিমাণ এক কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা। ওই হিসাবে পঞ্চানন বিশ্বাসের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ এক কোটি ছয় লাখ ৭১ হাজার ৪১৪ টাকা।