রাজধানীর মহাখালীতে একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের বিভাজক দেয়ালে ধাক্কা দিলে এক অজ্ঞাতপরিচয় (৪৫) ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
আজ শনিবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
এর আগে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মহাখালীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত পথচারী মো: বিল্লাল হোসেন জানান, বনানীর দিক থেকে আসা একটি সাদা প্রাইভেটকার মহাখালী আমতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের বিভাজক দেয়ালে ধাক্কা দেন। এতে গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে একজনের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানিয়েছেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং তদন্ত চলছে বলেও জানান তিনি।