ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাজাপুর ও দাদপুর গ্রামের সংযোগকারী ব্রিজসংলগ্ন সড়কের পাড় ধসে জনদুর্ভোগ নিয়ে জাতীয় দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর অবশেষে শুরু হয়েছে তার সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করা এলাকাবাসী এতে স্বস্তি প্রকাশ করলেও দ্রুত ও টেকসইভাবে কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

সম্প্রতি টানা বৃষ্টিপাতের কারণে ব্রিজটির এক পাশের পাড় ধসে বড় ধরনের গর্ত ও ফাটলের সৃষ্টি হয়। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ে এবং ইজিবাইক, ভ্যান, রিকশা, মোটরসাইকেল, নসিমন ও ছোট পিকআপসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম বিঘ্ন দেখা দেয়। প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী ও কৃষক জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করছিলেন। স্থানীয়দের আশঙ্কা ছিল, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ অবস্থায় নয়া দিগন্তে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়। এরপর সড়কটির ধসে পড়া অংশে মাটি ভরাট ও সংস্কার কাজ শুরু করা হয়েছে। বর্তমানে শ্রমিক ও যন্ত্রপাতি দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা নাসিম মোল্যা বলেন, ‘সংবাদ প্রকাশের আগে আমরা অনেকবার বিভিন্ন জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। নয়া দিগন্তে খবর প্রকাশের পরই সংশ্লিষ্টরা এসে কাজ শুরু করেছেন। আমরা চাই, যেন কাজটি টেকসইভাবে সম্পন্ন করা হয়।’

আরেক বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘প্রতিদিন ছেলে-মেয়েরা এই রাস্তা দিয়ে স্কুল-কলেজে যেত। আমরাও খুব ভয় নিয়ে চলাচল করতাম। এখন কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। তবে শুধু মাটি ফেলে নয়, স্থায়ীভাবে পাড়টি সংরক্ষণ করতে হবে।’

দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে (মুশা) একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।