ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।

সোমবার (১৪ এপ্রিল) সকালে বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ বর্ষবরণ উদযাপনে জেলা প্রশাসনের আয়োজনে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

ঢাক আর ঢোলের তালে তালে লাঠিখেলা প্রদর্শনের মাধ্যমে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ফারুকী পার্ক চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুরগ লড়াই, লাঠি খেলা, সাপ-বানরের যুদ্ধসহ বাঙালি সমাজের চিত্র তুলে ধরা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার শোভাযাত্রা ও গ্রামীণ লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে নববর্ষকে কেন্দ্র করে।

এ সময় জেলা প্রশাসক মো: দিদারুল আলম, পুলিশ সুপার মো: এহতেশামুল হক, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন আকন্দসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।