খুলনা মহানগরীতে গেল রোববার দিবাগত রাতে পৃথক দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামে এক যুবক এবং সন্ত্রাসীদের গুলিতে রনি (৩৮) নামে আরো একজন নিহত হন।

রোববার (২৫ মে) দিবাগত মধ্যরাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের (২২তলা) পেছনের গলি এবং রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোছাব্বতপুর এলাকায় পৃথক দু’টি স্থানে এ ঘটনা ঘটে।

গোলাম হরিণটানা থানার ময়ূরী ব্রিজ এলাকার মো: আলী হোসেনের ছেলে এবং রনি রূপসার আইচগাতি মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পূর্বশত্রুতার জেরে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত সোনাডাঙ্গার ২২ তলা ডেল্টা ভবনের কাছে গোলামকে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এসআই হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এই খুনের সাথে জড়িত সন্দেহে দুই থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

অন্যদিকে, রনির বাবা আনোয়ার হোসেন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনা থেকে আসা একটি অস্ত্রধারী গ্রুপ তার ছেলেকে গুলি করে হত্যা করে।