রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১২ এপ্রিল)।

শুক্রবার (১১ এপ্রিল) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এদিন বিকেল ৪টার দিকে জনসংযোগ দফতর আয়োজিত এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন ভিসি প্রফেসর সালেহ্ হাসান নকীব।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষা নেয়া হবে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

এ ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়াই করবেন ৭৬ জন। বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি ও মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেয়া হয়েছে।

পরীক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট পরীক্ষার তিন দিন আগে থেকে অনলাইনে প্রদত্ত দু’পৃষ্ঠার প্রবেশপত্র ডাউনলোড করে এ-ফোর মাপের কাগজে রঙিন প্রিন্ট করে নেয়। প্রবেশপত্রের দু’পৃষ্ঠার প্রথম পৃষ্ঠা পরীক্ষার্থীর কপি ও অন্য পৃষ্ঠা বিশ্ববিদ্যালয়ের কপি।

উল্লেখ্য, পরীক্ষার সময় এই দু’পৃষ্ঠার প্রবেশপত্র ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে রাখতে হবে। প্রবেশপত্রের গায়ে উল্লেখিত নির্দেশনাবলী আগেই ভালোভাবে লক্ষ্য করে সেগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না বলেও উল্লেখ করা হয়।