রাজশাহী নগরীর রাজপাড়া বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকায় জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহীর সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম শ্রী সাগর সাহা (৩০)। তিনি রাজশাহী নগরীর বুলনপুর ঘোষপাড়ার পরলোকগত সোনাতন সাহার ছেলে বলে জানা গেছে।
রাজশাহী কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য দেন রাজশাহী মহানগর ওলামা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওলানা জাকির হোসাইন, বুলনপুর নবীনগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওলানা আশিকুর রহমান ও জান্নাতুল মাকাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওলানা তানবিন আকতার তকী।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রিয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে আমরা কাউকে ছাড় দিব না।
তারা আরো বলেন, শ্রী সাগর সাহা (৩০) নামে এক ব্যক্তি মহানবীকে সা: নিয়ে কটূক্তি করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ সময় তারা আদালতে বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দাবি করেন।
তারা বলেন, এই বাংলার জমিনে আর যেন কেউ মহানবীকে সা: নিয়ে কটূক্তি করতে না পরে সেদিকে মুসল্লিদের সজাগ থাকতে হবে।’
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বুলনপুর এলাকায় অবস্থিত জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে অভিযুক্ত সাগর সাহা প্রকাশ্যে মহানবীকে সা: নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। পরবর্তীতে রাতেই অভিযুক্ত ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, এ ঘটনায় সাগর সাহাকে আসামি করে মঙ্গলবার রাতেই থানায় মামলা করা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।