নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ সা: এবং তার স্ত্রী হযরত আয়েশা রা: সম্পর্কে কটূক্তিমূলক আপত্তিকর পোস্ট করায় সুশান্ত রায় (৪০) নামে এক হিন্দু ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দেশত্যাগের উদ্দেশে ভারত সীমান্তবর্তী এলাকায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত সুশান্ত সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোবাডাঙ্গা পাইকার পাড়া গ্রামের পরেশ বাবুর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ১৭ মার্চ ‘নীলফামারী অনলাইন শপ’ নামে একটি ফেসবুক গ্রুপে ‘ইটজ সবুজ’ নামক আইডি থেকে হযরত মোহাম্মদ সা: এবং হযরত আয়েশা রা:-কে নিয়ে আপত্তিকর পোস্ট করা হয়। তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে ওই পোস্টের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের এক পর্যায়ে দেখা যায় আপত্তিকর ওই পোস্টটি সুশান্ত রায় নামে এক ব্যক্তি তার নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এরপর থেকে সুশান্ত রায় পলাতক ছিল। তাকে ধরতে পুলিশি অভিযানের এক পর্যায়ে গতকাল বুধবার দিবাগত রাত ২টায় সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের দুবাছুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।’
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পরই আপত্তিকর পোস্টকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযুক্ত সুশান্ত রায় কোনো নির্দিষ্ট এলাকায় বেশি সময় অবস্থান করেননি। দেশত্যাগের উদ্দেশ্যে পার্শ্ববর্তী জেলার সীমান্তবর্তী এলাকায় তার অবস্থান চিহ্নিত করা হয়। কিন্তু পুলিশের নজরদারির কারণে দেশত্যাগে ব্যর্থ হন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিই করাই ছিল তার মূল লক্ষ্য।’