খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের প্রায় সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৯ মার্চ) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই অস্থায়ী ওই মার্কেটের সব দোকান পুড়ে গেছে। এ মার্কেটে ৪৪টি দোকান ছিল বলে জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জমিতে পিকচার প্যালেস সুপার মার্কেট নামে এক বছর ধরে তারা দোকান বসিয়ে ব্যবসা করছিলেন। অপরিকল্পিতভাবে স্থাপিত মার্কেটে সব ধরনের ঝুঁকি ছিল। ভোর রাতে আগুনের সূত্রপাত হলে আমরা দ্রুত বের হয়ে আসি। আমাদের সামনেই আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে।
দোকানীরা জানান, পিকচার প্যালেস সিনেমা হল কয়েক বছর আগে ভেঙে ফেলা হয়। ওই জায়গায় কিছুদিন আগে ছোট ছোট সাইজের ৪৪টি কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান বসানো হয়।
ফায়ার সার্ভিসসূত্র জানায়, খবর পেয়ে তাদের ৯টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ঈদ সামনে রেখে দোকানগুলোতে বেশ অনেক পরিমাণ মাল ওঠানো হয়েছিল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন মাসুম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।