জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুনর্নির্ধারণ করেছে বিমান কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।

এদিকে জেলা প্রশাসন কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া দুই হাজার ২৪ টাকা ট্যাক্সসহ মোট তিন হাজার ১৯৯ টাকা। সর্বোচ্চ ভাড়া সাত হাজার ২৪ টাকা ট্যাক্সসহ মোট আট হাজার ১৯৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চমূল্য নিয়ে সিলেটজুড়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। এছাড়া ভাড়া কমানোর দাবিতে একাধিক কর্মসূচী পালিত হয়েছে। সিলেট-ঢাকা সড়কের দুরাবস্থার সুযোগে বিমান টিকিটের দাম অস্বাভাবিক বাড়িয়ে দেয়ায় দুর্ভোগে পড়ে মানুষ।