বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী সোনার বাংলাদেশ গড়তে আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। জামায়াত কর্মীদেরকে ধৈর্য, সহনশীলতা ও বুদ্ধিমত্তার সাথে সকল প্রকার অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
শনিবার (১৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর আল-হেরা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় এটিএম মাসুম আরো বলেন, আমরা একটা কল্যাণমূলক সমাজ চাই। যে সমাজ পরিচালিত হবে যোগ্যতা, সততা ও দক্ষতার সমন্বয়ে, আল্লাহভীরু মানুষ দ্বারা।
তিনি জামায়াতের প্রতিটি কর্মীকে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নিরলস পরিশ্রম করা এবং সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, জননেতা দেওয়ান নকিবুল হুদা, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া জামায়াতে ইসলামীর ১০০টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।