দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি অ্যাডভোকেট রুহুল আমিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, প্রাথমিকভাবে প্রতি রোববার নিয়মিত অপারেশন কার্যক্রম পরিচালিত হবে। এ পর্যায়ে অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, ফিস্টুলাসহ বিভিন্ন ছোটখাটো অস্ত্রোপচার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সম্পন্ন করা হবে।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ না থাকায় আপাতত সিজারিয়ান অপারেশন চালু করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত একজন গাইনি চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। চিকিৎসক যোগ দিলে সিজারিয়ান অপারেশনও শুরু করা হবে।
ডা. ফাহমিদা আক্তার রুনা আরো বলেন, রোগীরা বাইরে বেসরকারি ক্লিনিকে অপারেশন করানোর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে জেনে নিতে পারেন, সরকারি হাসপাতালে কোন কোন অপারেশন করা হচ্ছে। এতে তারা স্বল্প খরচে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
অপারেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসাইন, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।