মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দু’দিন পর জান্নাতুল আক্তার (১৪) নামের এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ৭টার দিকে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা নামক এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, সকালে নিলখী ইউনিয়নের কলাতলা নামক এলাকায় আড়িয়াল খাঁ নদে একটি মেয়ের লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন এলাকাবাসী। খবর পেয়ে নিলখী নৌ-পুলিশ ও শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে অর্ধগলিত অবস্থায় পরিচয় এবং বয়স শনাক্ত করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (২ মে) শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরশ্যামাইল নামক গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে গিয়েছিল জান্নাতুল। ফুফাত বোনদের সাথে পানিতে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে শিবচর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মেয়েটিকে উদ্ধার করার প্রাণপণ চেষ্টা করে। কিন্তু তারা শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি। দু’দিন খোঁজার পরে তারা উদ্ধার কাজ শেষ করে দেয়।

নিলখী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশটি প্রায় গলিত। উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পানিতে বেশ কয়েকদিন ডুবেছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, আমরাও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। প‌রে নৌ-পু‌লি‌শের সহ‌যো‌গিতায় লাশটি উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হয়। এছাড়া এ বিষ‌য়ে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।