‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’—প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীতে ৩০টি স্টলে ৩৫ জন খামারি বিভিন্ন প্রাণী, পশু-পাখি ও উদ্ভাবনী যন্ত্রপাতি স্থান পেয়েছে। যেখানে দুগ্ধজাত খাবার পণ্য, প্রাণিজ খাবার ও বিভিন্ন ওষুধ কোম্পানির স্টল রয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) শ্রীপুর উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারী হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ।
তিনি বলেন, ‘আমরা প্রাণিসম্পদ, মৎস্য সম্পদ ও কৃষি যা কিছুই করছি সবার উদ্দেশে একটাই, তা হলো জাতির জন্য খাদ্য নিরাপত্তা। প্রাণিসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সেবাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। সেই সেবাটা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে সফল খামারিদের মধ্যে ছড়িয়ে দেয়া এবং উদ্যোক্তা তৈরি করা, পুরনো ও নতুন খামারিদের মধ্যে মেলবন্ধন তৈরি করা, নতুন নতুন প্রযুক্তিগুলো খামারিদের মধ্যে সর্বত্র ছড়িয়ে দেয়া।’
শ্রীপুর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা: মো: গোলাম মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল মতিন, খামারি নাসির আহমেদ মৃধা ও সোহাগ মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বণ্যা, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ, সাবেক সভাপতি আনিছুর রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং সরকারি সেবাগুলো মাঠ পর্যায়ে আরো সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।