নওগাঁর সদর ও মান্দা উপজেলা থেকে পৃথক ঘটনায় দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শৈলগাছী থেকে এক শ্রমিক ও মান্দা উপজেলার চকউলি গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের জামাল (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের আব্দুল খালেকের ছেলে রায়হান (২৫) বলে জানা গেছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, জামাল শৈলগাছি গ্রামে এক মুরগির ফার্মে স্ত্রীসহ কাজ করতেন। গতকাল সন্ধ্যা থেকে হঠাৎ করেই তাকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ওই ফার্মের ১০০ গজ দূরে সড়কের পাশে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে মান্দা থানার এসআই (উপ-পরিদর্শক) হাবিবুর জানান, উপজেলার চকউলি গ্রামের পুকুর পাড়ের এক আম গাছে রায়হানের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।