আখাউড়া রেলওয়ে সেকশনের গঙ্গাসাগর এলাকায় আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মো: কাইয়ুম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরো তিনজন আহত হন।

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

নিহত কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্ধার উপজেলার মোহনপুর ইউনিয়নের বাউরা গ্রামের প্রবাসী আব্দুল করিমের ছেলে।

আহতরা হলেন- একই গ্র্রামের সাাকিব (১৮), ইমন (২০) ও রাকিব (২৫)।

রেলওয়ে থানার ওসি মো: জসিম উদ্দিন বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে গঙ্গাসাগর সেতু এলাকায় আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আরো তিনজন আহত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে স্থানীয়রা কসবা হাসপাতালে পাঠিয়েছে।’

কাইয়ূমের বাবা ও ভাই প্রবাসে থাকেন। নিহতের দাদা মো: জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে কথা বলে তিনি জানান, কাইয়ুমসহ চারজন ঈদের আনন্দ ভ্রমনে বাড়ি থেকে বের হয়ে যায়। থানা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি ট্রেন থেকে পড়ে কাইয়ুমের মৃত্যু হয়েছে। বাকীরা আহত হয়েছে। লাশ আনার জন্য পরিবারের লোকজন গিয়েছে।