কুমিল্লার দেবিদ্বারে বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের নোয়াপাড়া এলাকায় ওই বজ্রপাতের ঘটনাটি ঘটে।

নিহত আলেয়া বেগম ওই গ্রামের কৃষক নজরুল ইসলামের স্ত্রী। তিনি চার সন্তানের জননী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আলেয়া বেগম বাড়ির পাশে জমিতে পরিবারের অন্য সদস্যদের সাথে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, সারাদিন জমি থেকে ধান কাটার পরে বিকেলে আমরা সবাই মিলে ধানমাড়াই করছিলাম। এ সময় আকাশ কালো হয়ে আসে, ঝড় ও বজ্রপাত শুরু হয়। হঠাৎ আলেয়ার উপর বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।

উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত খাঁন বলেন, বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবরটি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।