ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের আঞ্চলিক সড়কে ঢাকাগামী একটি বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে শিবচর আঞ্চলিক সড়কের খানকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামে একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পরে খানকান্দি নামক স্থানে পৌঁছালে বাসটির পাশ দিয়ে যাওয়া ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী নারায়ন পোদ্দার বলেন, ‘আমার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতিতে আসছিল। অন্যদিকে ইজিবাইকটি রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছিল। হঠাৎ করে বাসটির সাথে ইজিবাইকটির ধাক্কা লাগার ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ইজিবাইকটিতে থাকা সব যাত্রীরা ছিটকে পড়ে যায়। লোকজন এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। পরে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: ইব্রাহিম হোসেন প্রাথমিক ট্রিটমেন্ট শেষে তাদেরকে ঢাকা রেফার করেন।
স্থানীয়দের বরাত দিয়ে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, যাত্রীরা ভাড়া ইজিবাইকটি নিয়ে শিবচর বেড়াতে যাচ্ছিল।
তিনি আরো বলেন, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেয়া হবে বলেও জানান তিনি।