ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে নগরীর ডাকবাংলো মোড়ে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগরী জামায়াত। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘মুসলিম বিশ্বের হৃদয় আল আকসা মসজিদ বর্তমানে ভয়াবহ আগ্রাসনের শিকার। এ পবিত্র স্থানে ইসরায়েলি বাহিনীর হামলা স্পষ্ট মানবতাবিরোধী অপরাধ। ফিলিস্তিনসহ মুসলিম উম্মাহর আত্মিক অংশ এটি। সেখানে ইসরাইলি বাহিনীর বর্বর হামলা শুধু একটি ভূখন্ডর ওপর নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি চরম অবমাননা।’

তিনি বিশ্ব নেতাদেরকে এই মানবতাবিরোধী কর্মকান্ড বন্ধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

তিনি বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানাতে হবে।

তিনি ইসরাইলি পণ্য বর্জন এবং যেসব দেশ ইসরাইলকে সমর্থন দিচ্ছে সেসব দেশকে বয়কট করার দাবি জানান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার শফিকুল আলম, নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামীর ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, মিম মিরাজ হোসাইন, খুলনা সদর থানা আমির এস এম হাফিজুর রহমান ও সেক্রেটারি মো: আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা আমির জি এম শহিদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, হরিণটানা থানা আমির আব্দুল গফুর, দৌলতপুর থানা আমির মাওলানা মুশাররফ আনসারী, অ্যাডভোকেট আওসাফুর রহমান, অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, মো: হুমায়ুন কবীরসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শেষে এক বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।