ঠাকুরগাঁওয়ের কবরস্থানের একটি পুরাতন কবরের উপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় খাইরুন নাহার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামের পাশে একটি কবরস্থানের পুরনো কবরের ওপরে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
গৃহবধূ খাইরুন নাহার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামের মোহাম্মদ তাজমুলের স্ত্রী। তাজমুল কাজের সূত্রে কয়েকদিন ধরে কুমিল্লা জেলায় অবস্থান করছেন বলে জানা গেছে।
খাইরুনের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো খাইরুন নাহার রোববার রাতে খাওয়া শেষে ঘুমাতে যান। পরদিন সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বাড়ির পাশে তার জুতা পড়ে থাকতে দেখে সেখান থেকে অনুসরণ করে একটি পুরনো কবরস্থানে গিয়ে লাশ পাওয়া যায়। হাত-মুখ বাঁধা অবস্থায় ওপর করে ফেলে রাখা হয়েছিল তাকে। লাশের ওপর গাছের শুকনো পাতা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল।
খাইরুনে এক আত্মীয় বলেন, ‘বিয়ের পর থেকেই খাইরুন নাহার সন্তানের মা হতে না পারায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত স্বামীর বাড়ির লোকজন। আমরা আশঙ্কা করছি, এই নির্যাতনের জের ধরেই তার মৃত্যু হয়েছে।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বলেন, ‘লাশের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।’