জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন এলে ৫০০ ও ১০০০ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে প্রার্থীর নিকট মালিক থাকি না। তখন গোলাম হয়ে যাই। এমন অযোগ্য মানুষকে নেতৃত্ব দিয়ে দেই। আমরা ওই জায়গাগুলোতে নেতা নির্বাচনে আরো সচেতন হতে হবে।
শনিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নোয়াবগঞ্জ গ্রামে স্থানীয়দের আয়োজনে ইফতার মাহফিলে এসব বক্তব্য তুলে ধরেন তিনি।
হাসনাত বলেন, আড়াই কোটি টাকার একটা রাস্তার কাজ এলে উপর থেকে নিচে আসতে আসতে আড়াই কোটি টাকা ৫০ লাখ টাকা হয়ে যায়। এখানে ২০০২ সালে একটি রাস্তা হয়েছে আজকে ২০২৬ সাল। কত সরকার আসছে, গেছে। ডিজিটাল বাংলাদেশ হলো, স্মার্ট বাংলাদেশ হলো। কিন্তু রাস্তা রাস্তার মতই আছে। নেতা আসছে, নেতা গেছে। কিন্তু রাস্তার পরিবর্তন হয়নি। ভাগ্যের পরিবর্তন হয়নি। স্কুলের পরিবর্তন হয়নি। তো আপনি গোলাম হবেন নাকি মালিক হবেন, সেটা আগে ঠিক করতে হবে।
তিনি আরো বলেন, আল্লাহ আমাদের সব সময় জুলুমের বিপক্ষে প্রতিষ্ঠিত রাখুক। অন্যায়ের বিপক্ষে প্রতিষ্ঠিত রাখুক। চরম বাস্তবতায় আমরা যেন ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে না যাই। আমরা যেন কখনো বাতিল এবং জালেমের কাছে পরাজয় শিকার না করি। আমাদের যতই কষ্ট হোক, ন্যায় নীতির পক্ষে আলোর পক্ষে সততার পক্ষে কল্যাণের পক্ষে আমরা যেন সব সময় থাকতে পারি। আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির পথ বজায় রেখে একটি সুন্দর দেশ প্রতিষ্ঠিত করতে পারি।
এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ প্রমুখ।