খুলনা সিটি করপোরেশনের অপসারিত মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনের সাবেক এমপি হাবিবুন নাহারের পাঁচটি ব্যাংকের হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলিয়ে প্রায় ৮ কোটি ১০ লাখ টাকা ফ্রিজ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার (২৪ মার্চ) খুলনা মহানগর দায়রা জজ মো: শরীফ হোসেন হায়দার অর্থ ফ্রিজের এ আদেশ দেন।
দুদক খুলনা কার্যালয়ের উপপরিচালক মো: আবদুল ওয়াদুদ জানান, দুদকের প্রাথমিক অনুসন্ধান শেষে সোমবার খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের ব্যাংক হিসাব জব্দের জন্য খুলনা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে রক্ষিত অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রের ৮ কোটি ১০ লাখ টাকা জব্দ করার আদেশ দেন। এর মধ্যে শুধু আইএফআইসি ব্যাংক খুলনা শাখায় নিঃসন্তান এ দম্পতির ৫ কোটি টাকার হিসাব পাওয়া গেছে।