সকল শ্রেণি-পেশার মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ৩৮ দফা দাবি উত্থাপন করেছে নবগঠিত ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’ নামে একটি সংগঠন।
শনিবার (২৮ জুন) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।
সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে- হোল্ডিং ট্যাক্স কমানো, ট্রেড লাইসেন্স ফি কমানো, অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো, নগরীর ব্যস্ততম স্থানে অটো সিগন্যাল লাইট চালু, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেশম শিল্পের বিকাশ, খেলাধুলার জন্য মাঠ নির্মাণসহ মোট ৩৮টি দাবি তুলে ধরা হয়।
সংগঠনটির নেতারা জানান, ‘দাবিগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। এসব দাবি আদায় করতে নাগরিক সমাজকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় তারা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমশেদ আলী, রাজশাহী চেম্বারের সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।