সুনামগঞ্জের তাহিরপুরে সিমেন্টবোঝাই মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় এর চালক মিজানুর রহমান(২২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি যাদুকাটা নদী এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত মিজানুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

জানা গেছে, মিজানুর রহমান উপজেলার শিমুল বাগান-সংলগ্ন নির্মাণাধীন সেতুর দায়িত্বে থাকা হা-মিম ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের মালামাল পরিবহন করতেন। ওই সেতুর কাজের জন্য যাদুকাটা নদী হয়ে নৌকাবোঝাই করে সিমেন্ট আসে। সেই সিমেন্ট মাহিন্দ্র ট্রাক্টর-বোঝাই করে যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে গড়কাটি এলাকায় সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চালকের সামনের অংশ উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।