মাদারীপুরের শিবচরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় শিবচর পৌরসভার ৭নং ওয়ার্ডের চরশ্যামাইল এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এ সময় মো: চুন্নু খান (৫১) ও মো: ঠান্ডু খান নামে দুই লোক আহত হয়েছেন। প্রতিপক্ষের ধলু খান ও হান্নান মৃধাসহ আরো একাধিক ব্যক্তির সম্মিলিত আক্রমণের শিকার হয়ে তারা আহত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, স্থানীয় চুন্নু খান ও ঠান্ডু খান দুধ বিক্রি করতে সাদিপুর বাজারে যাওয়ার সময় অতর্কিতভাবে তাদের ওপরে হামলা চালানো হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের চিকিৎসার শিবচর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক জেড রহমান তাদেরকে ঢাকায় প্রেরণ করেন।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।