সিলেটে রাত সাড়ে ৯টার মধ্যে হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যতীত সকল বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। যা আগামী ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে এসএমপি প্রেরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাতে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সিলেট নগরীর ব্যবসায়ী কমিটির নেতাদের সাথে সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভায় নগরীর ব্যবসা-বাণিজ্য ও যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে জানানো হয়, হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যতীত সিলেট মহানগরের সকল বাণিজ্যিক ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে বন্ধ করতে হবে। আগামী ৭ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া যেসব মার্কেট ও শপিং মলের নকশায় পার্কিং সুবিধা রাখা থাকলেও তা দখল করে দোকান বা অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছে— এসব অবৈধ স্থাপনা ৩১ ডিসেম্বরের মধ্যে অপসারণ করে নির্ধারিত পার্কিং এলাকা উন্মুক্ত রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

এসএমপি জানিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানের সময়সূচি নিয়ন্ত্রণ ও সঠিক পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত হলে নগরের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং নাগরিক সেবার মান বাড়বে।