মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে মো: বায়েজিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু বায়েজিদ ওই বাড়ির মোঃ খলিল মাঝির ছেলে।

সূত্রে জানা গেছে, সকালে শিশু বায়েজিদ বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর সাড়া শব্দ না পেয়ে তার মা মিনারা বেগম তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে শিশুর মা বাড়ির পুকুরে গিয়ে দেখে বায়েজিদের জুতা ভাসছে। তখন তিনি পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পরে শিশু বায়েজিদকে ডুবন্ত অবস্থায় পায়। এরপর বায়েজিদের মায়ের চিৎকারে বাড়ির অন্যরা এসে শিশুটিকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজহার আলী (সুমন) বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষে থেকে আমাকে জানানো হয়নি। মৃত্যু নিশ্চিতকরণ করে পুলিশকে না জানিয়ে বায়েজিদের লাশ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।