এনবিআর কর্মকর্তা-কর্মচারিদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার সকাল থেকে ভারতে রফতানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসায় ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

ব্যবসায়ীরা জানায়, গত রোববার শাটডাউনের কারণে কোনো পণ্য ভারতে রফতানি করা হয়নি। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেইসাথে সরকারও রাজস্ব বঞ্চিত হয়েছে। তবে শাটডাউন প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের অর্থনীতিকে স্বচল রাখতে বন্দরগুলোকে আন্দোলনের আত্ততা মুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে তিনটি ট্রাকে করে ৬৬ টন আটা ও দু’টি পিকআপে করে হিমায়িত মাছ রফতানির জন্য আনা হয়েছে। রফতানির বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তবে শাটডাউনে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, দেশের অন্যতম রফতানিমুখী এই বন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য ভারতে রফতানি হয়।