গাজীপুরের কালিয়াকৈরে পানির ট্যাংক কারখানার মেশিন বিস্ফোরণে দু’জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বোর্ডমিল এলাকার মদিনা পানির ট্যাংক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার মো: বাবুল হোসেন (১৮) ও পূর্ব চান্দরা এলাকার মো: রবিউল ইসলাম (২৩)।
কারখানার শ্রমিকরা জানান, বোর্ডমিল এলাকার পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিকরা প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরির কাজ করছিল। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে মেশিন অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানায় আগুন ধরে যায়। আগুনে দু’জন শ্রমিক দগ্ধ হন।
তারা আরো জানান, কারখানার অন্য শ্রমিকরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে সফিপুর এলাকার খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার জানান, আগুনে বাবুলের প্রায় ৪৫ ভাগ এবং রবিউলের ১৫ ভাগ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘পানির ট্যাংক তৈরির একটি মেশিন অতিরিক্ত
গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে আমাদের দু’জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই কারখানার শ্রমিকরা মেশিনের আগুন নিয়ন্ত্রণ করে ফেলায় আগুন ছড়াতে পারেনি।’
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্য মনির হোসেন জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে দু’জন শ্রমিক দগ্ধ হয়েছেন।