ঢাকার ধামরাইয়ে জরাজীর্ণ টিনের ঘরে দীর্ঘদিন ধরে দুর্দশায় থাকা আট সন্তানের জননী বৃদ্ধা আলো রানী সাহার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন।
দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন গণমাধ্যমে তার দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।
সংবাদটি নজরে আসার পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন ইউএনও। গত মঙ্গলবার তিনি সরেজমিনে আলো রানী সাহার বাড়িতে গিয়ে তার হাতে দুই বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা ও শুকনো খাবার তুলে দেন।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে এ সহায়তা বাস্তবায়ন করা হয়। সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা আলো রানী সাহা। এ সময় ইউএনও মো: আল মামুন তার খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন বলেন, আলো রানী সাহার জরাজীর্ণ বসতঘরের ও দুর্দশার কথা জেনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি আগামীতে স্থানীয়ভাবে একটি ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হবে।
এ সময় ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম উপস্থিত ছিলেন।