ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার সমির নগর (বাদামবাড়ি) এলাকার মো: জাহিদুর রহমান ছেলে মো: আব্দুল হামিদ (৩২) এবং একই উপজেলার খায়েরপাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মো: ইব্রাহীম (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টি হচ্ছিল, সেসময় হামিদ ও ইব্রাহীম নাগর ভিটা সীমান্তের ৩৭৬-৪ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারত সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। এসময় ভারতীয় বিএসএফের বেগুনবাড়ি ক্যাম্পের সদস্যরা ভারতীয় ভূখণ্ডের ভেতরে থাকা অবস্থায় তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে আগামীকাল (শুক্রবার) পতাকা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করব আটক দুই বাংলাদেশীকে ফিরিয়ে আনার।