সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বজ্রপাতে দু’শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো একজন।

শনিবার (১৭ মে) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

এর আগে শুক্রবার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চেলা নদীতে বালু উত্তোলনের নৌকার ভাড়া টানতে আসেন তারা। রাত আড়াইটার দিকে বৃষ্টি এলে বজ্রপাতের কবলে পড়ে নৌকার শ্রমিকরা। পরে অন্য সহযোগীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো এক শ্রমিক নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।

শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় ওই দিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন ও তার টিম।

এ ঘটনায় নিহতরা হলেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মরহুম আমির আলীর ছেলে জুয়েল আহমদ (১৯), তেলিখাল ইউনিয়নের চাটিবহর টিলাপাড়া এলাকার মরহুম মজম্মিল আলীর ছেলে আফিজ আলী (৪৫)। নিখোঁজ বালুশ্রমিক হলেন কাঁঠাল বাড়ি এলাকার মরহুম মাশুক মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।