সুনামগঞ্জের দোয়ারাবাজারের চেলা নদীতে বজ্রপাতে নিখোঁজের দু’দিন পর ভেসে উঠেছে রুবেল মিয়া (২২) নামে এক শ্রমিকের লাশ।

রোববার (১৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে স্টিলবডি নৌকায় বালুর ভাড়া টানতে এসে বজ্রপাতে নিখোঁজ হন শ্রমিক রুবেল মিয়া।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চেলা নদীতে বালু উত্তোলনের স্টিল বডি নৌকা নিয়ে ভাড়া টানতে আসেন কয়েকজন শ্রমিক। রাত আড়াইটার দিকে বৃষ্টি এলে বজ্রপাতের কবলে পড়ে নৌকায় থাকা শ্রমিকরা। পরে অন্য সহযোগীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বজ্রপাতে আহত দু’জনকে উদ্ধার করে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিখোঁজ হন কোম্পানিগঞ্জ উপজেলার কাঁঠাল বাড়ি এলাকার মরহুম মাশুক মিয়ার ছেলে রুবেল মিয়া।

গত শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। ওই দিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন ও নৌ-পুলিশের একটি টিম।

রোববার (১৮ মে) বিকাল ৪টার দিকে ঘটিকায় চেলা নদীর সারপিনপাড়া নামক এলাকায় লাশ ভাসতে দেখে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দোয়ারাবাজার থানা পুলিশের দেয়া তথ্যমতে ছাতকের নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।