নওগাঁর সাপাহারে ঈদের দিন বেড়াতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন বন্ধুর একজন নিহত এবং অপর দু’জন আহত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শাহিন আলম (১৭)। আহতরা হলো আহসান আলী (১৭) ও জামিরুল ইসলাম (১৬)। তাদেরকে সাপাহার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শাহিন পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। আহত আহসান আলী সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের তাহিরের ছেলে এবং জামিরুল ইসলাম পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।

আহসান আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।