সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাতিজার দা-এর আঘাতে নিহত হয়েছেন চাচি মোছা: রুকশানা বেগম (৩৫)। এ সময় আহত হয়েছে নিহতের মেয়ে তোয়াহা আক্তার (৪)।
শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুকশানা বেগম নিয়ামতপুর গ্রামের মো: ফিরুজ আলীর স্ত্রী।
অভিযুক্ত মো: জসিম উদ্দিন (২৬) একই গ্রামের মরহুম ওয়ারিছ আলীর ছেলে ও ফিরুজ আলীর ভাতিজা।
জানা যায়, দীর্ঘদিন ধরে জসিম উদ্দিন তার চাচি রুকশানা বেগমকে কুপ্রস্তাবে উত্যক্ত করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় আবারো তিনি উত্যক্ত করেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন ঘাতক জসিম উদ্দিন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জসিম দা দিয়ে রুকশানাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত রুকশানা বেগমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাতেই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে।